অ্যান্টিগা টেস্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছিল উইন্ডিজ। তবে মিকাইল লুইসের ব্যাটে ভর করে সেই ধাক্কা সামলে উঠেছে স্বাগতিকরা।
দলীয় ২৫ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ৫৯ রানের জুটি গড়েন কাভেম হজ ও লুইস। দ্বিতীয় সেশনে হজ ব্যক্তিগত ২৫ রানে রানআউট হলে জুটি ভাঙে।
তবে একপ্রান্ত আগলে রেখে টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন লুইস। নিজের আগের সেরা ইনিংস (৫৭) ছাড়িয়ে গেছেন এই ওপেনার। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ চারে ১৬৬ বলে ৬১ রানে অপরাজিত আছেন লুইস।
চা-বিরতি পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৫৪ ওভারে ৩ উইকেটে ১১৬ রান।
লুইসের সঙ্গে ক্রিজে আছেন অ্যালিক অ্যাথানেজ (১৩)। অবশ্য মেহেদী হাসান মিরাজের বলে বড় শট খেলতে যেয়ে মিড অনে ক্যাচ তুলেছিলেন অ্যাথানেজ। ক্যাচটি নিতে দৌড়েছিলেন তাসকিন আহমেদ। কিন্তু অ্যাথানেজের ভাগ্য ভালো, বাতাস বলটি উড়িয়ে নিয়ে যায় তাসকিনের নাগালের বাইরে। বেঁচে যান তিনি।