১৯ রানের পর ২ উইকেট, তবু হার দেখলেন সাকিব

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে দারুণ বোলিং করলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে প্রথম ম্যাচের মতো এবারও জিততে পারেনি তার দল বাংলা টাইগার্স।

এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলা টাইগার্সের হয়ে ১৫ রানে ২ উইকেট নিয়েছিলে সাকিব। তার দল হেরেছিল স্যাম্প আর্মির কাছে। আজ দ্বিতীয় ম্যাচে বাংলা টাইগার্স মুখোমুখি হয়েছিল নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের।

আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ৬৬ রান তোলে বাংলা টাইগার্স। এদিন সাকিব ব্যাট হাতে ১২ বলে করেন ১৯ রান। যা দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। এছাড়া দাসুন শানাকা করেন ২২ রান। দলের আর কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।

জবাব দিনে নেমে ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ ইয়র্ক। ৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন ডনোভান ফেরেইরা। সাকিব ১ ওভার বল করে ১ রানে নেন ২ উইকেট।