ওয়েস্ট ইন্ডিজের রান ২৫০, বাংলাদেশ নিতে পেরেছে ৫ উইকেট। অ্যান্টিগা টেস্টে প্রথম দিনের শেষে দুই দলের অবস্থানই কাছাকাছি। এখান থেকে প্রথম ইনিংসে সুবিধাজনক অবস্থানে যেতে রান ৪০০-এর ওপরে নিয়ে যেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের খেলা শেষে ওপেনার মিকাইল লুইস বলেছেন এমন লক্ষ্যের কথা।
নর্থ সাউন্ডে ব্যাটিংয়ে আমন্ত্রীত ওয়েস্ট ইন্ডিজ ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর অ্যাথানেজকে নিয়ে ১৪০ রানের জুটি গড়েন লুইস। তবে মেহেদী হিসান মিরাজের বলে প্রথম টেস্ট সেঞ্চুরি থেকে ৩ রান দূরে আউট হয়ে যান নিজে। দিন শেষে বলেছেন, ‘আমার মনে হয়, আমরাই ভালো অবস্থানে আছি। এখন জাস্টিন গ্রিভস আর জশুয়া ডি সিলভা আছে। আশা করি ওরা ভালো একটা জুটি গড়বে। এই পিচে রান ৪০০-র বেশি হবে বলে আমি আশাবাদী।’
প্রথম সেশনে ক্যারিবীয়দের স্কোরবোর্ডে জমা হয় ২৩ ওভারে মাত্র ৫০ রান, দ্বিতীয় সেশনে ৬৬। বাকি ১৪৪ রানই এসেছে তৃতীয় সেশনে। সংবাদ সম্মেলনে লুইস জানান, দিনের শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না, ‘শুরুতে পিচে আর্দ্রতা ছিল, কিছুটা ধীর গতিরও ছিল। পরে আমার ও অ্যালিকের জুটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে তাঁর অভিজ্ঞতা থেকে আমাকে পরামর্শ দিয়েছে।’
দল ভালো অবস্থানে এবং জুটিতে ভালো ভূমিকা রাখার বিষয়ে সন্তুষ্টি থাকলেও একটি আক্ষেপ থাকার কথা ২৪ বছর বয়সী এই ডানহাতির। সেটি ৩ রানের জন্য প্রথম টেস্ট সেঞ্চুরি মিসের। তবে এ বিষয়ে প্রশ্ন করলে ভিন্ন সুরই শুনিয়েছেন লুইস, ‘এই ম্যাচে আরও একটা ইনিংস বাকি আছে। আশা করি পরের ইনিংসেই তিন অঙ্ক পেয়ে যাব।’
আগের সভাপতি থাকলে সিয়ামকে অবশ্যই দলে নিত: ফারুক