অপহরণের শিকার দুই সাংবাদিক টাকার বিনিময়ে মুক্তি

ঢাকায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুই সাংবাদিক অপহরণের শিকার হয়ে নগদ টাকা ও সম্পদসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মুক্তিপণের বিনিময়ে ৫ ঘণ্টা পর মুক্তি মিলেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহের মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় ঘটে। আনুমানিক রাত সাড়ে ১০টায় তাদের পরিবারের কাছ থেকে বিকাশে ১ লাখ ৪৩ হাজার টাকার পাশাপাশি নগদ টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার সম্পদ হাতিয়ে নিয়ে তাদের গাজীপুরের জঙ্গলে ফেলে চলে যায়। গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহে চিকিৎসা শেষে গত শুক্রবার সকালে কেন্দুয়ায় তারা তাদের বাড়িতে পৌঁছান।

অপহরণের শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক আমাদের সময় কেন্দুয়া উপজেলা প্রতিনিধি বাবু রাখাল বিশ্বাস এবং দৈনিক মানবকণ্ঠ কেন্দুয়া উপজেলা প্রতিনিধি রোকন উদ্দিন। তারা দুজনই উপজেলার পৌর শহরের বাসিন্দা।

জানা যায়, ঢাকায় তিন দিনের সাংবাদিকতা বিষয়ে একটি প্রশিক্ষণ শেষ করে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাড়িতে ফেরার উদ্দেশে হযরত শাহজালাল বিমানবন্দর বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অপরিচিত (অপহরণকারী) এক যুবক তাদের সঙ্গী হয়ে একটি প্রাইভেটকারে ময়মনসিংহে যাওয়ার জন্য বলেন। তারা প্রাইভেটকারে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরুর পর রাত ৮টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পিস্তল ঠেকিয়ে দুই হাত ও চোখ বেঁধে সঙ্গে থাকা টাকা, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নেয়। পরে তাদের মোবাইল দিয়ে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা দিতে দেরি হওয়ায় তাদের বেধড়ক মারপিট করে। একপর্যায়ে  রাত ১০টার দিকে রাখাল বিশ্বাসের স্বজনরা বিকাশে ৬০ হাজার টাকা ও রোকন উদ্দিনের স্বজনরা দুই দফায় ৮৩ হাজার টাকা দেয়। অপহরণকারীরা টাকা পেয়ে সাংবাদিক দুজনকে জঙ্গলের পাশে ফেলে রেখে চলে যায়।

অপহৃত সাংবাদিক রাখাল বিশ্বাস জানান, অপহরণকারীরা কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা, দুইটি মোবাইল, স্বর্ণের একটি ও রোপার দুইটি আংটিসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে। সব মিলে তার ২ লাখ টাকা খোয়া গেছে।

রোকন উদ্দিন বলেন, ‘নগদ ২২ হাজার টাকা, মোবাইলসহ মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুবারে ৮৩ হাজার টাকা বিকাশ ও নগদের মাধ্যমে নেয়। এরপর হাত ও চোখ বেঁধে রাস্তার পাশে ফেলে দেয়। হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে বেধড়ক পিঠিয়েছে।’

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত টাকা ও মোবাইলসহ সব জিনিসপত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।