হেলমেট ব্যবহার না করা এবং একাধিক যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে চলাচলের কারণে প্রায়শই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। আর তাই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (২৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া আ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীতে প্রায়ই পরিলক্ষিত হয়, মোটরসাইকেলের চালকরা হেলমেট ব্যবহার না করে একাধিক যাত্রী বিশেষ করে নারী ও শিশুদের নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করেন। এতে তারা সড়ক দুর্ঘটনায় পতিত হন।
সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি এড়াতে মোটরসাইকেল চালকদের সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৯ (১) ধারার প্রথম অংশের (চ) এর বিধান অনুসরণ করে দুইজনের অধিক বহন না করা এবং যাত্রীর হেলমেট পরিধান নিশ্চিতের অনুরোধ করা হলো।
এছাড়া, মোটরযানগুলোকে আবাসিক ও শিক্ষাপ্রতিষ্ঠান এলাকায় উচ্চ মাত্রার হর্ণ ব্যবহার না করা নির্দেশনা দিয়েছে ডিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক সময় অপ্রয়োজনীয় উচ্চমাত্রায় হর্ন ব্যবহার করার কারণে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ীর চালক, নগরবাসী এবং বিশেষ করে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে।
এ সমস্যা রোধে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুসরণ করে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।
কেউ এ নির্দেশনা পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় ডিএমপি। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।