শ্রম অধিকারের ১১ দফা বাস্তবায়নের তাগিদ দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে শ্রম, অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং শ্রমিকদের কর্ম পরিবেশসহ তাদের বেঁধে দেওয়া ১১ দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে দেশটি।

আজ রবিবার বাণিজ্য উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম আইন যুগোপযোগী করা, সব শ্রমিকের ইউনিয়ন করার সুযোগ দেওয়া, ন্যূনতম মজুরি নিশ্চিত এবং কর্ম পরিবেশ যথাযথ করাসহ ১১ দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সহজ হবে।

বাণিজ্য সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারেও শুল্কমুক্ত সুবিধা পেতে চাই। জিএসপি সুবিধা পেতে চাই। আমরা কত দ্রুত শ্রম অধিকারের এই ১১ দফা বাস্তবায়ন করতে পারি, সেটা নিয়েই মূলত আলোচনা হয়েছে। এগুলো করতে পারলে আমরা অবশ্যই জিএসপি সুবিধা পাব।

এ সময় শ্রম সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কারখানায় ট্রেড ইউনিয়ন করাসহ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছে। শ্রম আইন সংশোধন হলে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ১১ দফার অনেকটাই বাস্তবায়ন হবে। ইউরোপের মতো মার্কিন বাজারেও জিএসপি সুবিধা চায় বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত