দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনীর পরশুরামের বক্সমাহমুদ ইউনিয়নের দুই সদস্যকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা যুবদল। গত শনিবার (২৩ নভেম্বর) উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির ও যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন স্বাক্ষরিত এক নোটিসে এ নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল জানান, বক্সমাহমুদ ইউনিয়ন যুবদলের সদস্য নুরুল ইসলাম ও বদিউল আলম দলীয় নির্দেশ অমান্য করে একে অপরকে মারধর করেছেন। মৌখিকভাবে কয়েকবার সতর্ক করা হলেও তারা শুনেনি। এতে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।
নুরুল ইসলাম বক্সমাহমুদ ইউনিয়নের নুর মিয়ার ছেলে ও বদিউল আলম একই গ্রামের কুনু মিয়ার ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানী কয়েকজন প্রবীণ জানান যে, চোরাচালান কারবারকে কেন্দ্র করে বারবার তাদের মধ্যে বিরোধ দেখা যায়। দলীয় হাইকমান্ডরা তাদের বিরোদ্ধে শক্ত অবস্থান না নিলে দলের মানসম্মান ক্ষুন্ন হতে পারে। এ ছাড়া তারা বিগত সরকারের আমলে চোরা কারবারের সাথে জড়িত ছিল।