আজ কি ডাকা হবে বাংলাদেশি খেলোয়াড়দের, কার সুযোগ বেশি

আইপিএলের মেগা নিলাম গতকাল শুরু হয়েছে। প্রথম দিনে ৮৪ জনের নাম উঠেছে নিলামে। দল পেয়েছেন ৭২ জন। এবার নিলামে আছে ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। তবে গতকাল নিলামে ওঠেননি তাদের কেউ। আজ নিলামের দ্বিতীয় ও শেষ দিনে বাংলাদেশের কয়জনের নাম উঠবে তা নিশ্চিত নয়।

নিলামের তালিকায় এবারই বাংলাদেশের সবচেয়ে বেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন। পরিচিত মুখ মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান ছাড়াও আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানা, শেখ মেহেদীর নাম।

এদের মধ্যে সাকিব ও মোস্তাফিজেরই দল পাওয়ার সম্ভাবনা বেশি। আজ বাংলাদেশ সময় বিকেল ৪ টায় শুরু হবে দ্বিতীয় দিনের নিলাম।

প্রথম দিনে ৭২ ক্রিকেটার কিনতে গতকাল নিলাম ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি ব্যয় হয়েছে। আজ অবশ্য গতকালের মতো অত সময় নিয়ে নিলাম হবে না। প্রথম ৩২ জন ক্রিকেটারের ক্ষেত্রেই গতকালের মতো ধীরেসুস্থে নিলাম করা হবে।

আজ ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের সবাইকে ডাকার পর শুরু হবে দ্রুততর নিলামপ্রক্রিয়া। তাতে দুটি ধাপ।

প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ক্রমিক নম্বর ১১৮ থেকে ৫৭৭ নম্বরের মধ্যে থাকা খেলোয়াড়দের ভেতর থেকে তাদের পছন্দের নামগুলো নিলামের সঞ্চালকের কাছে জমা দেবেন। সঞ্চালক মল্লিকা সাগর সেই নামগুলো ডাকতে থাকবেন।

এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ। এ পর্বে আগে যাদের একবারও ডাকা হয়নি (ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় ছিলেন না) এবং যাদের ডাকা হয়েছে কিন্তু অবিক্রীত রয়ে গেছেন, তাদের তোলা হবে।

দুই ধাপেই বাংলাদেশি খেলোয়াড়দের নাম থাকতে পারে। এই ডাকাডাকি তখনই বন্ধ হয়ে যাবে, যখন ১৩২ জন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই।

৫৭৭ জনের মধ্যে থাকা ১২ বাংলাদেশিদের ৮ জনের নামই ক্রমিক নম্বরে ৪০০-এর পরে। ইতিবাচক বিষয় হলো, ১০ ফ্র্যাঞ্চাইজিকে এখনো কমপক্ষে ৪৬ জন বিদেশি খেলোয়াড় কিনতে হবে।

বাংলাদেশি খেলোয়াড়দের সিরিয়াল নম্বর ও  ভিত্তিমূল্য (রুপিতে)

ক্রমিক নম্বর    খেলোয়াড়      ভিত্তিমূল্য (রুপি)

১৮১   মোস্তাফিজুর রহমান   ২ কোটি

১৮৭   রিশাদ হোসেন         ৭৫ লাখ

২৪৭   লিটন দাস      ৭৫ লাখ

২৯৮   তাওহীদ হৃদয় ৭৫ লাখ

৪০৯   তাসকিন আহমেদ     ১ কোটি

৪৩৯   সাকিব আল হাসান    ১ কোটি

৪৪০   মেহেদী হাসান মিরাজ         ১ কোটি

৪৪৪   শরীফুল ইসলাম       ৭৫ লাখ

৪৪৭   তানজিম হাসান        ৭৫ লাখ

৪৭৫   মেহেদী হাসান         ৭৫ লাখ

৪৮২   হাসান মাহমুদ ৭৫ লাখ

৪৮৫   নাহিদ রানা    ৭৫ লাখ