বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
আজ সোমবার পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ প্রতিবাদ জানান।
নেতৃবৃন্দ বলেন, এ গ্রেপ্তারের ফলে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি বিশ্বে ক্ষুণ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা অনতিবিলম্বে প্রভু চিন্ময় কৃষ্ণ চন্দ্র দাস ব্রহ্মচারীকে জাতীয় স্বার্থে আশু মুক্তির দাবি জানিয়েছেন।
এর আগে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।