গাজীপুরের শ্রীপুরে বনভোজনে এসে বিদ্যুতায়িত হয়ে ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটির সদস্যরা। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি উত্তর পেলাই এলাকায় বিভিন্ন দপ্তরের গঠিত তিনটি তদন্ত দল ঘটনাস্থলে আসেন। আইইউটির একটি তদন্ত দল ও পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের গঠিত আরও দুটি তদন্ত দল ঘটনাস্থলে ঘুরে দেখেন।
এর আগে আইইউটির চারশতাধিক শিক্ষার্থী নিয়ে শ্রীপুরের মাটির মায়া রির্সোটে আসার রির্সোটের অদূরেই পিকনিকের বাসে বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ লেগে বাস বিদ্যুতায়িত হয়ে আইইউটির তিন শিক্ষার্থী মৃত্যুর হয়। পরে এ ঘটনায় পৃথক চারটি তদন্ত কমিটি গঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি, আইইউটির পক্ষ থেকে একটি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আরও দুটি তদন্ত দল গঠন করেন।
ইসলামি ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটির) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করে বিশ্বদ্যালয়।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে আইইউটি এবং পল্লীবিদ্যুতায়ন বোর্ডের দুটি তদন্ত দল ঘটনাস্থলে আসেন। তদন্তকালে কমিটিগুলো ঘটনাস্থল, সড়ক, বিদ্যুতের লাইন, রিসোর্টের অবস্থান,সেখানে যাতায়ত ব্যবস্থা, শিক্ষার্থীদের পরিবহনের ব্যবহৃত বাস, সংশ্লিষ্টদের নানা দায়-দায়িত্বের বিষয় খতিয়ে দেখেন।
তারা আরও জানান, এর আগে ওই সরু সড়কে এ রির্সোটে ডাবল ডেকার (দ্বিতল) কখনো বাস আসেনি। বাস গুলোতে চালকের কোনো সহকারী ছিলো না। এমন গ্রামীণ সড়কে এভাবে ঝুঁকি নিয়ে ডাবল ডেকার বাস প্রবেশ করায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। আর এতে তিনজনের তাজা প্রাণ ঝড়ে পড়ল।
আইইউটির প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম জানান, আমাদের তিন শিক্ষার্থীর করুন মৃত্যুতে আমরা শোকাহত। ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে রির্পোট প্রকাশ করা হবে।
অপর দিকে পল্লীবিদ্যুতায়ন বোর্ডের তদন্ত দলের প্রধান প্রকৌশলী (প্রকল্প) আবদুর রহিম মল্লিক জানান, ঘটনাস্থলে আমরা বিদ্যুতের সঞ্চালন লাইনটি পরীক্ষা নিরীক্ষ করছি। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে কর্মকর্তাসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ক্ষেত্রে কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।