বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওএসএসে আরও সাতটি সেবা যুক্ত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। বিনিয়োগ সেবা পাওয়ার জন্য বিনিয়োগকারীদের বিডা ওএসএস ব্যবহারে উৎসাহিত করতে হবে বলেও জানিয়েছে বিডা।
গতকাল সোমবার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডা ও বেজার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য ড. খন্দকার আজিজুল ইসলাম।
বিডা জানায়, বিনিয়োগকারীদের জন্য আরও উন্নত ও সহজ সেবা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল সিলেট সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি পৃথক পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর ফলে বিডা ওএসএস নতুন এই চারটি প্রতিষ্ঠানের আরও সাতটি সেবা যুক্ত হবে, যা অনলাইন ওয়ানস্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে এ উদ্যোগ বিনিয়োগকারীদের সেবার গতি, স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করবে।
বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘বিনিয়োগকারীদের উন্নত সেবা নিশ্চিত করতে বিডা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের লক্ষ্য হলো সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করা। বর্তমানে আমরা ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে বিডার ২৩টিসহ মোট ৪৮টি প্রতিষ্ঠানে ১৩৩টি সেবা দিয়ে আসছি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মাত্র ৫ হাজার অন্য প্রতিষ্ঠানের সেবা দেওয়া হয়েছে, যা প্রত্যাশিত নয়। আমরা বিনিয়োগকারীদের বিডা ওএসএস আরও উৎসাহিত করব, এটি শুধু সময় সাশ্রয় করবে না বরং অন্য প্রতিষ্ঠানের সেবাপ্রাপ্তির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে মনিটরিং করতে সহায়তা করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পাঁচটি আইপিএ, প্রত্যেকের আবার নিজস্ব ওএসএস রয়েছে। এ সমস্যা দূর করার জন্য আমরা একটি সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট তৈরির পরিকল্পনা করছি। যেখানে বিনিয়োগকারীরা একটি আইডি ব্যবহার করে সব আইপিএ থেকে সব ধরনের সেবা গ্রহণ করতে পারেন।’
বিডা সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম বলেন, চারটি সংস্থার সঙ্গে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে। যার মাধ্যমে ওএসএস প্ল্যাটফর্মে সাতটি নতুন সেবা যুক্ত হবে। বিনিয়োগকারীদের মধ্যে ওএসএস সেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। না হলে সেবা প্রদান প্রক্রিয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগকারীদের সময় ও অর্থ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।