ভালো (সুষ্ঠু) নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘আল্লাহ এখানে (ইসিতে) আমাদের নির্ধারণ করে পাঠিয়েছেন। এ প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করব, আমরা ওয়াদাবদ্ধ।’ গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নবনিযুক্ত এ নির্বাচন কমিশনার।
সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, এটা অপরচুনিটি। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। এটা অপরচুনিটি ভাবছি এজন্য যে, জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আরও কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করব, আমরা ওয়াদাবদ্ধ।’
তিনি আরও বলেন, ‘আমরা একটা পলিটিক্যাল প্রসেসের (রাজনৈতিক প্রক্রিয়া) মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন, তিনিও বলেছেন এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছে, সেগুলো চলমান আছে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলব। এটা শুধু দায়িত্ব নয়। এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করব।’
নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচন করা হয়েছে, আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।’
ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘কোন প্রেক্ষাপটে এই কমিশন গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা নিয়ে কথা বলেছি। আমরা কী চাই ভবিষ্যতে সেটা নিয়ে কথা বলেছি। আমাদের চাওয়া ভেরি সিম্পল (খুব সাধারণ)। একটা সুন্দর নির্বাচন। এটা নিয়ে কথা বলেছি। প্রধান নির্বাচন কমিশনার আমদের দায়িত্ব পালনের দিকনির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা ও সততার সঙ্গে কাজ করার বিষয়ে আলোকপাত করেছেন।’