দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে বলে মনে করছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার নোয়াবের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াব উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, দেশের সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতার ওপর নানাভাবে আক্রমণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুদিন ধরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছেন কিছু ব্যক্তি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেন। সর্বশেষ আজও (গতকাল) এ ধরনের কর্মসূচি অব্যাহত ছিল।
নোয়াব মনে করে, কোনো সংবাদপত্রের পরিবেশিত প্রতিবেদন বা সম্পাদকীয় নীতিমালা নিয়ে কারও কোনো আপত্তি থাকলে লেখালেখির মাধ্যমে নিজের বুদ্ধিবৃত্তিক অবস্থান ও বক্তব্য তুলে ধরতে পারেন। কিন্তু এভাবে বিশৃঙ্খলার চেষ্টা সংবাদমাধ্যমে সাংবাদিকতার চর্চা ও পরিবেশকে ব্যাহত করছে।
এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে নোয়াব গণমাধ্যমসহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস (উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার) কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সবপক্ষকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানায় নোয়াব।