লাখ টাকা ঋণের প্রলোভনে জনসমাগমের চেষ্টা

বিনা সুদে এক লাখ টাকা করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে সাধারণ মানুষকে এনে রাজধানীর শাহবাগে জনসমাগম করার চেষ্টা করে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে একটি সংগঠন। তবে পুলিশের কার্যকর পদক্ষেপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরই মধ্যে সংগঠনটির আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীন ও অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে আটক করেছে পুলিশ। কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে এমন কথা বলে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমীনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মাহবুবুল আলম চৌধুরীকে আটক করা হয়। তিনি অহিংস গণ-অভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক। তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

শাহবাগে সমাবেশে যোগ দিতে আসা ব্যক্তিরা বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে এ আশ্বাসে সাধারণ মানুষ বিশেষত গ্রামের বাসিন্দারা প্রলুব্ধ হন। তারা সমাবেশে অংশ নেওয়ার জন্য জনপ্রতি এক হাজার টাকা করে রেজিস্ট্রেশন ফিও দেন।

জানা গেছে, সমাবেশে জড়ো করতে গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করা হয়। পরে তাদের প্রলোভন দিয়ে বাস বা গাড়ি ভাড়া করে দেয় সংগঠনটি। সংগঠনটির কথামতে, ঢাকার সাভার, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সমাবেশে অংশ নিতে লোকজন ঢাকা আসে।

গত রবিবার রাত ১টার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করে। গতকাল সোমবার সকালে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছায়। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে, শুধু ঋণ পাওয়ার আশায় এসেছেন। এতে করে সকাল ৭টা থেকে শাহবাগ এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে তীব্র যানজট দেখা দেয়। পরে শাহবাগ থানা পুলিশ এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশে যোগ দিতে আসা লোকজনের সঙ্গে কথা বলে। এরপর তাদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

শাহবাগ থানার ওসি মুহাম্মদ খালিদ মুনসুর দেশ রূপান্তরকে বলেন, ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামে সংগঠনটি জমায়েতের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু তাদের কার্যক্রম সন্দেহজনক হওয়ায় অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আমরা বেশ কিছু লোককে থানায় নিয়ে এসেছি। তাদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করছি। অনেক নিরীহ লোকজনও আছে। তাই যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সমাবেশে আসা ব্যক্তিরা বলেন, তাদের বলা হয়েছিল সমাবেশে অংশ নিলে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। বেশ কয়েকজন জানিয়েছেন, তাদের কাছ থেকে এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছে। এ ঋণ পাওয়া তাদের জীবনে একটি বড় সুযোগ। তাই রেজিস্ট্রেশন ফি দিয়েছেন এবং এতদূর এসেছেন। তাদের সঙ্গে থাকা ব্যানারে লেখা ছিল ‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নিব; দুর্নীতিবিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সমাবেশ; ২৫ নভেম্বর, সময় সকাল ১০টা, স্থান : শাহবাগ মোড়, ঢাকা’। টাঙ্গাইল থেকে আসা একটি মাইক্রোবাসের সামনের ব্যানারে লেখা ছিল, ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ; ২৫শে নভেম্বর ২০২৪ইং; মহাসমাবেশ শাহবাগ ঢাকা; জেলা টাঙ্গাইল’।

সাভার : গতকাল সকালে ঢাকা-আরিচা রোডে আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সমাবেশগামী দুটি বাস জব্দ করা হয়। বাস দুটিতে মানিকগঞ্জ থেকে বয়স্ক নারী ও পুরুষরা ঢাকার শাহবাগে গণজমায়েতের উদ্দেশে যাচ্ছিলেন। পরে তাদের বুঝিয়ে সতর্ক করে ফেরত পাঠায় পুলিশ।

নারায়ণগঞ্জ : শাহবাগে অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয়দের সহায়তায় চারটি বাস আটক করেছে পুলিশ। গতকাল বন্দর থানাধীন বিভিন্ন এলাকা থেকে বাসগুলো আটক করা হয়। পরে যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লোকদের ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক করে যাত্রীদের ফেরত পাঠিয়ে দিয়েছি।

লক্ষ্মীপুর : সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। শর্ত অনুযায়ী এ ঋণ পেতে যোগ দিতে হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে। সমাবেশে যোগ দিতে সোমবার সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ, রামগতি, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর থেকে কয়েকশ নারী-পুরুষ ঢাকা অভিমুখে যাত্রা করে। পরে এলাকাবাসী, পুলিশ, সেনাবাহিনীর হস্তক্ষেপে সমাবেশমুখী বাস আটকের পর থেকে লক্ষ্মীপুরে সর্বত্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় অধিকাংশ মানুষ আওয়ামী লীগকে দায়ী করেন। কমলনগর থানা ওসি তহিদুল ইসলাম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুজবে কান না দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

টাঙ্গাইল : ভূঞাপুর উপজেলার অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের ১৩ জন আটক করেছে পুলিশ। তারা ঢাকায় সমাবেশে যোগদান করার জন্য রওনা হয়েছিল। এ ছাড়া মধুপুর উপজেলার একটি বাস থাকা ৪০ জন জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা