হজযাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজে মিনা-আরাফা ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে ৩৫টি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে। অনুমোদিত এসব কোম্পানির নামের তালিকা সৌদি ই-হজ প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
এতে আরও বলা হয়, মক্কা-মদিনায় হোটেলে হাজিদের অভ্যর্থনা ও বিদায় জানানো, তাদের পাসপোর্ট সংরক্ষণসহ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত মোয়াল্লেমরা মিনা ও আরাফার তাঁবুতে হজযাত্রীদের বিছানা, খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করে থাকে। এসব সেবা গ্রহণের জন্য এজেন্সিগুলো তার পছন্দ অনুযায়ী যেকোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে। চুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান, এ দেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা, আরাফা ও মুজদালিফায় হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।