সেই মতিউরের বিদেশ যেতে রিট আবেদন খারিজ

‘ছাগলকান্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিদেশে যেতে ও পুনরায় ফিরে আসতে হাইকোর্টে করা রিট আবেদন খারিজ হয়ে গেছে। একই আদেশ এসেছে তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমান অর্ণবের বিষয়ে। তাদের দেশত্যাগে অধস্তন আদালতের দেওয়ার নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। গত ২৪ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মতিউর, তার স্ত্রী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়। এ আদেশের বিরুদ্ধে তিনজনের পক্ষে এ রিট আবেদনটি করা হয়।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও শফিকুর রহমান।

অ্যাডভোকেট এসএম শামীম হোসাইন দেশ রূপান্তরকে বলেন, ‘মতিউর রহমানের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। তিনি ও তার পরিবার এখন বিদেশ যাচ্ছেন না। আমরা মূলত এ রিট মামলাটি চালাব না বলে এটি খারিজ চেয়েছিলাম। আদালত তা খারিজ করেছেন।’