বড় পরাজয়ের মুখে বাংলাদেশ; ব্যাটারদের সমালোচনায় তাসকিন

টেস্ট ফরম্যাটে তাসকিন আহমেদের প্রথম পাঁচ উইকেট শিকারের পরও ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্টে নিশ্চিত পরাজয়ের মুখে আছে বাংলাদেশ। ৩৩৪ রানের লক্ষ্যে ছুটে বাংলাদেশ দিন শেষ করেছে ৭ উইকেটে ১০৯ রান নিয়ে। শেষ দিনে আজ ৩ উইকেট হাতে নিয়ে আরও ২২৫ রান প্রয়োজন, যা কার্যত অসম্ভব।

ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বল করে ১ মেডেনসহ ৬৪ রানে ৬ উইকেট নিয়েছেন তাসকিন। টেস্টে এটা তার প্রথম পাঁচ বা ততোধিক উইকেট শিকার। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে ১৫২ রানে। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়িয়ছে ৩৩৪ রানের। এত বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি ব্যাটাররা সেই পুরনো কায়দায় আত্মহত্যার মিছিলে যোগ দিয়েছিলেন।

আউট হওয়া সাত ব্যাটারের মধ্যে চার জন দুই অংকেই যেতে পারেননি। তারা হলেন মাহমুদুল হাসান (৬), জাকির হাসান (০), শাহাদাত হোসেন (৪) এবং তাইজুল ইসলাম (৪)। এছাড়া মুমিনুল হক ১১, লিটন দাস ২২ এবং অধিনায়ক মেহেদি মিরাজ করেন ৪৬ বলে ৫ চার ১ ছক্কায় ৪৫ রান। দিনশেষে ১৫ রানে অপরাজিত আছেন জাকের আলী। তার সঙ্গে হাসান মাহমুদ। ৩টি করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর জেইডেন সিলস।

দিনের খেলা শেষে ব্যাটিং নিয়ে সমালোচনা্ই করলেন তাসকিন, ‘এটা দুর্ভাগ্যজনক। ব্যাটিং ইউনিটের কাছ থেকে আরেকটু ভালো কিছু আশা করেছিলাম। তবে ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো বোলিংও করেছে। আশা করি, পরেরবার দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব আমরা।’