বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। সেই সাথে ফসল রক্ষা বাঁধের বরাদ্দের নামে অহেতুক কোনো প্রকল্প নেওয়া হবে না। যা পরিবেশের ক্ষতি করে। এক কথা পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে। সেই সাথে আমরা বাঁধ নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ তদারকি করব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। পরে দুপুরে জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে সেখানেই একটি মতবিনিময় সভা করেন।

তিনি বলেন, আমাদের সবাইকে সর্তক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালী ধান ঘরে তুলতে পারে। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধ সহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। 

উল্লেখ্য, ১৩৪ হাওরের বোরো ধান রক্ষায় ১ হাজার ৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।