চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে ৯ লাখ ২১ হাজার সৌদি রিয়ালসহ দুলাল জমাদ্দার নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইট থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি মাদারীপুর জেলার শিবচর এলাকায়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্রগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইট বিএস-৩৪৩ এর যাত্রী দুলাল জমাদ্দারের (পাসপোর্ট নম্বর: এ০১৬৫৭৭৮৬) সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রু গণ তাকে অফলোড করেন। পরবর্তীতে ইউএস বাংলা কর্তৃপক্ষ তাকে তার হ্যান্ড লাগেজসহ বিমানবন্দরের নিরাপত্তা শাখায় যোগাযোগ করেন। সেখানে কর্তব্যরত নিরাপত্তা অফিসার বাদশা ফয়সাল ও তার টিম উক্ত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন এবং একপর্যায়ে তিনি তার কাছে বৈদেশিক মুদ্রা থাকার কথা স্বীকার করেন।
জনসংযোগ কর্মকর্তা জানান, পরবর্তীতে বিমানবন্দর নিরাপত্তা শাখা (এভসেক), বিমান বাহিনী টাস্ক ফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থা সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে উক্ত যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের নিকট সোপর্দ করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায় যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকার সমমূল্যের । বর্তমানে আটককৃত যাত্রী কাস্টমস হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।