ইউএনসিডিপি-এফবিসিসিআই সভা

এলডিসি গ্র্যাজুয়েশনের পর উৎপাদনের ব্যয় বাড়বে

এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের পরে রপ্তানি বাজারে বাংলাদেশ আর বিশেষ সুবিধা পাবে না। উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণেও চাপে পড়বেন উদ্যোক্তারা।

গতকাল মঙ্গলবার ইউনাইটেড ন্যাশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএনসিডিপি) সদস্য মি. তেফারে তেসফাচিউর নেতৃত্বে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব এ এইচ এম জাহাঙ্গীর ও এসএসজিপি প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার মোস্তফা আবিদ খানসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনায় এফবিসিসিআই প্রশাসক এসব কথা বলেন।

এ সময় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (ইউএনসিডিপি) সদস্য তেফারে তেসফাচিউর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়াকে টেকসই করতে স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছে এফবিসিসিআই।

এ জন্য রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অন্বেষণ, বেসরকারি খাতে গবেষণা ও উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি ও নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছে এফবিসিসিআই। এক্ষেত্রে, জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার জন্য সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।