ময়মনসিংহের হালুয়াঘাটে ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মুফিদুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অপসারণ করা চেয়ারম্যানরা হলেন ভুবনকুড়া ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ছামাদুল ইসলাম, নড়াইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ধারা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিপ্লব, ধুরাইল ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন ও স্বদেশী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান মো. ইরাদ হোসেন সিদ্দিকী।
অফিস আদেশে উল্লেখ করা হয়, এই ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা কর্মস্থলে অনুপস্থিত থাকায় দাপ্তরিক ও নাগরিক সেবামূলক কাজের চরম ব্যাঘাত ঘটছে। এতে করে ইউনিয়ন পরিষদের নাগরিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এসব ইউনিয়নে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, হালুয়াঘাটে সব চেয়ারম্যান নিয়মিত অফিস ও দাপ্তরিক কাজ করছেন। আমি আজকেও অফিস করেছি। শুধু আওয়ামী লীগ দলের কর্মী বলেই আমাদের অপসারণ করা হয়েছে।
হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ সংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার বিকেলে এ-সংক্রান্ত অফিস আদেশ পেয়েছি।’ হালুয়াঘাট উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে। কৈচাপুর ও হালুয়াঘাট সদর ইউনিয়নে এর আগেই চেয়ারম্যান অপসারণ করে প্রশাসক নিয়োগ করা হয়েছিল।