চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) হত্যার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে শনাক্ত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। এ ঘটনায় মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে সিএমপি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের অদূরে রঙ্গম টাওয়ার এলাকায় সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার অভিযোগ চিন্ময় অনুসারীদের বিরুদ্ধে।
জামিন নামঞ্জুরের পর গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে চিন্ময়কে কৃষ্ণ দাসকে প্রিজন ভ্যানে কারাগারে পাঠানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতভর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী ৩০ জনকে আটক করেছিল। এর মধ্যেই সাতজনকে আলিফ হত্যাকাণ্ডে জড়িত হিসেবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করেছে সিএমপি।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সাতজনকে জড়িত হিসেবে শনাক্ত করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া আটককৃতদের মধ্যে ২১ জনকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার দেখানো হবে।