নিখোঁজ প্রবাসীর হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর মুন্সীগঞ্জের শ্রীনগরে খাল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় এক প্রবাসী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রমজান মুন্সী (৪০)।

গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের ষোলঘর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রমজান গাদিঘাট গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে।

শ্যামসিদ্ধি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলী হোসেন জানান, দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন রমজান। দেড়-মাস আগে তিনি বাড়িতে ফিরেন।

গত সোমবার সকালে উপজেলার দেউলভোগ বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি সিঙ্গাপুর থেকে বাড়িতে ফিরেন রমজান। গত সোমবার সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরদিন মঙ্গলবার তার সিঙ্গাপুরে চলে যাওয়ার কথা ছিল। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার শ্রীনগর থানায় সাধারণ ডায়েরি করে। ওসি আরও জানান, খালে বস্তাবন্দি অবস্থায় লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তার হাত-বাঁধা ছিল।