আশুলিয়ায় টানা ৩২ ঘণ্টা পর বেপজার আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া লেনি ফ্যাশনস ও লেনি অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার বিকেল ৫টার পর তারা নবীনগর-চন্দ্রা মহাসড়ক ছেড়ে দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বিকেল ৫টার দিকে বেপজার নির্বাহী পরিচালক মো. আহসান কবীর স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে লেনি ফ্যাশনস লিমিটেড এবং লেনি অ্যাপারেলস লিমিটেডের সব শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। এ সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ করা হলো। এ নোটিস দেওয়ার পর শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়ে চলে যান। এর আগে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।