যশোরের মনিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুব মহিলা লীগ নেত্রী নাজমা খানমের স্বামী ব্যবসায়ী আবদুল মজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। বৃহস্পতিবার পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ বিশ্বাস জানান, যশোর জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালীন ২০১৩ সালে ঠিকাদার মোবাশ্বের হোসেন বাবুর নিকট থেকে অগ্রিম ইট বিক্রি করে সাত লাখ ৮৫ হাজার টাকা গ্রহণ করেন।
মজিদ তাকে ইট সরবরাহ না করে তালবাহানা করছে, এমন অভিযোগ করেন ঠিকাদার মোবাশ্বে বাবু। একপর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু একাউন্টে টাকা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালীন মালিক আবদুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। আদালত ওই মামলায় মজিদকে এক বছরের কারাদণ্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি জানতে সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল ফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।