ঘুষকাণ্ডে ৫৫ বিলিয়ন ডলার ক্ষতি আদানি গ্রুপের

আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানি, তার ভাইপো সাগর আদানি এবং আরও ছয়জনের বিরুদ্ধে ২৬৫ মিলিয়ন ডলারের ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে শিল্পগোষ্ঠীটি। বুধবার এক বিবৃতিতে আদানি গ্রুপ জানায়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অভিযোগের পর থেকে আদানি গ্রুপের ১১টি তালিকাভুক্ত কোম্পানির বাজারমূল্যে প্রায় ৫৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে দিলেও মুম্বাইয়ের শেয়ারবাজারে আদানি গ্রুপের শেয়ারের ব্যাপক পতন ঘটে। একাধিকবার লেনদেন স্থগিত হওয়ার ঘটনাও ঘটে। বিবৃতিতে শিল্পগোষ্ঠীটি জানায়, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য। এই পদক্ষেপের কারণে আন্তর্জাতিক প্রকল্প বাতিল, আর্থিক বাজারে ধস এবং বিনিয়োগকারী ও অংশীদারদের উদ্বেগের মুখে পড়তে হয়েছে তাদের।