তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

কনকনে শীতে কাঁপতে শুরু করেছে তেঁতুলিয়ার মানুষ। আজ শুক্রবার তেঁতুলিয়ায় ভোর ৬টায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ এ তথ্য জানান। তিনি জানান, তেঁতুলিয়ায় টানা ৪ দিন ধরে একই তাপমাত্রা বিরাজ করলেও আজ আবার কমে গেছে।

তিনি বলেন, কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছিল। কিন্তু আজ তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নেমে এসেছে। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গতকাল বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।