সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে হবে। এ সময় সরকারের দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কোনো অপশক্তি ও আধিপত্যবাদীর চোখ রাঙানিকে আপনারা ভয় পাবেন না। সারাদেশের মুক্তিকামী মানুষ আপনাদের সাথে আছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিবেশি দেশের সরকার ও সরকারি দলের নেতারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। আমাদের অভিন্ন নদীসহ বিভিন্ন বিষয়ে তারা আমাদের অধিকারে হস্তক্ষেপ করছে। আধিপত্যবাদী শক্তির বিরূদ্ধে বাংলাদেশ সরকারকে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে। 

তিনি আরও বলেন, সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অবাধ অধিকার দিতে হবে। এক সময় ট্রেড ইউনিয়ন ছিল স্কুল অব কম্যুনিজম। পরবর্তীতে ইসলামী আদের্শ বিশ্বাসী দুই কিংবদন্তি শ্রমিক নেতা ব্যারিস্টার কুরবান আলী ও ব্যারিস্টার আক্তার উদ্দিন ট্রেড ইউনিয়নে নতুন ধারা তৈরি করেন। ট্রেড ইউনিয়নকে স্কুল অব ইসলামে পরিণত করার চেষ্টা শুরু করেছেন আমাদের পূর্ববর্তী নেতারা। আমাদের পূর্বসুরিরা যে পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন, সেটা বিজয়ী না হওয়া পর্যন্ত আমাদের পথচলা থামবে না।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক আহসান উল্লাহ এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।
 
সম্মেলনে ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা নজরুল ইসলাম, অধ্যক্ষ নূরুল আমীন, আলাউদ্দীন সিকদার, মুহাম্মদ ইসহাক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী প্রমুখ বক্তব্য রাখেন।