৫ বছর পর বিশ্ববাসী দেখল নটর ডেম ক্যাথেড্রালের ভেতরের দৃশ্য

পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর বিশ্ববাসী দেখতে পেয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রালের ভেতরের অংশ। শুক্রবার (২৯ নভেম্বর) সংস্কার করা এই ক্যাথেড্রাল পরিদর্শনে যান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে ক্যাথেড্রালটি পুরোপুরি জনসাধারণের জন্য উন্মোচন করা হবে আগামী ৭ ডিসেম্বর।

ম্যাক্রোঁর নটর ডেম ক্যাথেড্রাল পরিদর্শন টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এর ফলে ৮৫০ বছরের পুরনো ক্যাথেড্রালের ভেতর নতুন করে প্রথমবারের মতো দেখতে পেয়েছে বিশ্ব। সংস্কার করা ক্যাথেড্রালে প্রবেশের সময় ম্যাক্রোঁ বলেন, এটি এখন মেরামত ও পুনর্নির্মাণ করা হয়েছে। এসময় ম্যাক্রোঁ ক্যাথেড্রাল পুনর্নির্মাণে যারা কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান।

২০১৭ সালে নটর ডেম ক্যাথেড্রাল দেখতে এসেছিল প্রায় ১২ মিলিয়ন পর্যটক। তবে গির্জা কর্তৃপক্ষের মতে, পুনরায় খোলার পর ১৪ থেকে ১৫ মিলিয়নের বেশি সংখ্যক দর্শনার্থী আসবে বলে আশা করা হচ্ছে। গির্জাটি পুনর্নির্মাণ করতে প্রায় ২ হাজার কর্মী কাজ করেছিল। এই গির্জার সংস্কার কাজে ব্যয় হয়েছে আনুমানিক ৭০০ মিলিয়ন ইউরো। তবে গির্জাটি সংস্কারে ১৫০ দেশ থেকে ৮৪৬ মিলিয়ন ইউরো সংগ্রহ করা হয়েছিল। যার বেশিরভাগই এসেছিল বিভিন্ন কোম্পানি ও কয়েক হাজার দাতাদের কাছ থেকে।

৮৫০ বছরের পুরনো ঐতিহাসিক গির্জাটি নানা কারণে গুরুত্বপূর্ণ। স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন এ গির্জাটিকে ফ্রান্স ও ইউরোপের অন্যতম সাংস্কৃতিক প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে ২০১৯ সালের ১৫ এপ্রিল আগুন লেগে ধসে পড়ে এর সুউচ্চ চূড়াসহ ছাদ। প্রায় ৬০০ ফায়ার সার্ভিসের সদস্য ১৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে ধ্বংস হয়ে যায় গির্জার অধিকাংশ গুরুত্বপূর্ণ নিদর্শন। শেষবার ফরাসি বিপ্লবের সময় গির্জাটি বড়সড় ক্ষতির মুখোমুখি হয়। দুই বিশ্বযুদ্ধেও ক্যাথেড্রালটি বেঁচে গেছে ধ্বংসের হাত থেকে। যুদ্ধে রক্ষা পেলেও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে গির্জাটির। ভেঙে গেছে ত্রিকোণ গম্বুজ, ধ্বংস হয়ে গেছে পুরনো কাঠের কাঠামোগুলো।