ফটিকছড়ি

নিখোঁজের ১৩ দিন পর শিশুর লাশ মিলল সেপটিক ট্যাঙ্কে

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি অবস্থায় তাবাসসুম (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত ১৭ নভেম্বর নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তাবাসসুম। পরদিন ভূজপুর থানায় শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের দীর্ঘ ১৩ দিন পর (২৯ নভেম্বর) পাশের বাড়ির একটি টয়লেট থেকে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

এ ব্যাপারে স্থানীয় একরাম নামের এক ব্যক্তি বলেন, শিশুটি নিখোঁজের পর থেকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। এ ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

শিশুটির চাচা রাসেল বলেন, আমরা সকালে জানতে পারি টয়লেটে বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি লাশটি আমার ভাতিজির। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

এ ব্যাপারে ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধারের পর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।