বাভুমা-স্টাবসের সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ফেরার ম্যাচে দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়ালেন টেম্বা বাভুমা। ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৭০ রান করা বাভুমা দ্বিতীয় ইনিংসে করলেন সেঞ্চুরি। তার সঙ্গে জুটি গড়া ট্রিস্টান স্টাবসও পেলেন সেঞ্চুরির দেখা।

দুই সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩৬৬ রানে ইনিংস ঘোষণা করেছে। আজ টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা ৩১ ওভার ব্যাট করতেই হারিয়েছে ৫ উইকেট। স্কোরবোর্ডে রান ১০৩।

প্রথম ইনিংসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ১৯১ এর জবাবে মাত্র ৪২ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। জয়ের জন্য ৫১৬ এর লক্ষ্যে খেলতে নামা লঙ্কানদের দরকার আরও ৪১৩ রান। হাতে মাত্র ৫ উইকেট। তাই অবিশ্বাস্য কিছু না ঘটলে এই টেস্টে জয় পাবে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে ব্যাটিং শুরু করবেন দিনেশ চান্দিমাল (২৯*) ও ধনঞ্জয়া ডি সিলভা (০*)।

টেস্টে ১ বছর ৯ মাস (প্রায়) পর সেঞ্চুরি পেলেন বাভুমা। টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় সেঞ্চুরি। বাভুমা ২২৮ বলে খেলেন ১১৩ রানের ইনিংস। ইনিংসে চার ছিল ৯টি। স্টাবস ক্যারিয়ারসেরা ১২২ রানের ইনিংস খেলেন ২২১ বলে। স্টাবসের ইনিংসে ছিল ৯ চার ও ২ ছক্কা। স্টাবরের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটি।

স্টাবস ও বাভুমা চতুর্থ উইকেট জুটিতে তোলেন ২৪৯ রান। স্টাবস ফিরলে জুটি ভাঙে। এরপর দলীয় ৩৬৬ তে বাভুমা আউটের পর ইনিংস ঘোষণা করেন।