গোপালগঞ্জে সংঘর্ষে দুজন টেঁটাবিদ্ধসহ আহত ১৫

গোপালগঞ্জে পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুজন টেঁটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এরমধ্যে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ ও নয়ন শেখ নামে টেঁটাবিদ্ধ দুজনসহ ৪ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের  বিরোধ চলে আসছে। শুক্রবার দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।