ইউপি থেকে লুট হওয়া ডালের বস্তা মিলল খোলা মাঠে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ কক্ষের দরজা-জানালা ভেঙে টিসিবির লুট হওয়া ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯টি উদ্ধার হয়েছে। গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে লুটের এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়। এর আগে ‘ইউনিয়ন পরিষদের দরজা ভেঙে টিসিবির পণ্য লুট’ শিরোনামে গতকাল শুক্রবার দেশ রূপান্তরের ৯ নম্বর পাতায় একটি সংবাদ প্রকাশিত হয়।

আঠারবাড়ি রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, ‘তারা এগুলো হজম করতে পারবেনা বলে বস্তাগুলো ফেলে রেখে গেছে। পুলিশ খবর পেয়ে বস্তাগুলো উদ্ধার করেছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘বাকি দুই বস্তা উদ্ধারে গতকাল দিনভর সন্দেহভাজন ব্যক্তিদের বাসা-বাড়ি এবং দোকানে অভিযান চালানো হয়। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে লুট হয়ে যায়। পরে এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় লিখিত অভিযোগ দেন টিসিবি ডিলার সোহাগ। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুট হওয়া ডাল উদ্ধারে তৎপরতা চালিয়ে এগুলো উদ্ধার করে।