জামায়াত নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে : আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বর্তমান সময়ে আমাদের নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে, তাই আমাদের আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।’

গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচলের সী শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগরী উত্তরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘এবার ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের আর যাওয়ার জায়গা নেই। ভোগে নয়, মানুষের সেবা করার জন্যই আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে। নিজেদের সব কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।’

ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের সাবেক নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। যে যেখানে থাকুন না কেন আমাদের দ্বীন কায়েমে নিরলস পরিশ্রম জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা ধারণ করতে হবে। কোনোভাবে যেন নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে এবং ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সভাপতি আনিসুর রহমান ও সেক্রেটারি রেজাউল করীম শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াসিন আরাফাত ও সালাউদ্দিন আইয়ুবী, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিনসহ ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতিরা।

সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক বিল্লাহসহ ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর সাবেক সভাপতি, সেক্রেটারিরাসহ শাখায় দায়িত্ব পালনকারী সাবেক সদস্যরা।

দিনব্যাপী প্রীতি সমাবেশে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, শহীদি পরিবার ও আহত, পঙ্গুত্ববরণকারী ভাইদের বক্তব্য ছিল। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে ৭ শতাধিক ডেলিগেট অংশগ্রহণ করেন।

সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান জামায়াতের নায়েবে আমির : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কারকাজ শেষ করে তারপর নির্বাচনের ব্যবস্থা করেন। এটা যদি না হয়, তাহলে এ নির্বাচন তো নির্বাচন হবে না।’ গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে ‘দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ’ ঢাকা মহানগরী দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়ো নয়। আগে সংস্কার পরে নির্বাচন। গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, নির্বাচন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। কিন্তু আমরা সেটি আগেই বলেছি, নির্দিষ্ট কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি আগেই জানিয়েছি। এর মাধ্যমে জামায়াতে ইসলামী নির্বাচন প্রশ্নে তাদের অবস্থান থেকে সরে এলো।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ শুধু ফ্যাসিবাদমুক্ত হয়নি বরং বাংলাদেশ প্রকৃত স্বাধীনতা লাভ করেছে। যার ফলে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এখনো হাসিনা ভারতের স্বার্থে ভারতে বসে বাংলাদেশ নিয়ে যড়যন্ত্র করছেন।’ ছাত্র-জনতার অর্জিত এ স্বাধীনতা রক্ষায় দলমত নির্বিশেষে বাঙালি জাতি ঐক্যবদ্ধ থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন। অনুষ্ঠানে দারসুল কোরআন পেশ করেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান।