ভারতের কাছে ঘরের মাঠে পার্থ টেস্ট হেরে এমনিতেই বেকায়দায় আছে অস্ট্রেলিয়া। চারদিক থেকে আসছে সমালোচনা। তার ওপর এলো আরেকটি বড় ধাক্কা। চোটের কারণে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে খেলতে পারবেন না জশ হ্যাজেলউড। সিরিজের বাকি ম্যাচগুলোতেও অনিশ্চিত এই তারকা পেসার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিজ্ঞ পেসার হ্যাজেলউড ‘লো গ্রেড লেফট সাইড’ ইনজুরিতে আক্রান্ত হয়ে ছিটকে গেছেন। তবে কখন, কীভাবে তিনি চোট পেয়েছেন, সে বিষয়ে বিবৃতিতে কিছুই বলা হয়নি। আপাতত অ্যাডিলেডে দলের সঙ্গে রেখেই তার পুনবার্সন প্রক্রিয়া চালানো হবে।
৩৪ বছর বয়সী এই পেসার চোটে পড়ায় বদলি হিসেবে দুই পেসারকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। তারা হলেন- শন অ্যাবট ও ব্রেন্ডান ডগেট। দুজনের কারওই অভিষেক হয়নি। এবারও তাদের কারোই টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, তিন পেসার খেলালে মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের সঙ্গী হবেন স্কট বোল্যান্ড।
৩৫ বছর বয়সী বোল্যান্ড আগে থেকেই বিকল্প পেসার হিসেবে বোর্ডার-গাভাস্কার সিরিজের দলে ছিলেন। মূল পেসারদের অনুপস্থিতিতে যখনই সুযোগ পেয়েছেন এই পেসার, নিজেকে মেলে ধরেছেন। এখন পর্যন্ত ১০ টেস্টে নিয়েছেন ৩৫ উইকেট। তবে অস্ট্রেলিয়ার দুর্ধর্ষ পেসত্রয়ীর জন্য একাদশে জায়গা পাকা করতে পারেননি। গত বছরের জুলাইয়ে অ্যাশেজে তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন।