৪৪ বছর বয়সেও ডান পায়ে রংধনু আঁকেন রোনালদিনহো

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম

কাতারে মরুর বুকে দর্শকে ঠাসা গ্যালারি। ৩১ হাজার দর্শকদের তুমুল করতালির মাঝে মাঠে নামছেন রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলোয়াড়েরা। নাহ, কাতার স্প্যানিশ লিগের কোনো ম্যাচ তো নেই। তাহলে কী? গতকাল বৃহস্পতিবার রাতে স্প্যানিশ লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল প্রীতি ম্যাচে। ভিনিসিয়ুস, ইয়ামাল, এমবাপ্পেদের বদলে মাঠ দাপিয়ে বেড়ালেন দুই ক্লাবের কিংবদন্তিরা, যাদের অন্যতম রোনালদিনহো।

ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই মহাতারকার বয়স এখন ৪৪ বছর। ক্যারিয়ারজুড়ে ফ্রি–কিকে ৬৬টি গোল করেছেন। কিন্তু এই বয়সের খেলোয়াড়দের দেখলে সবার মনেই প্রশ্ন আসে, তারা কি এখনো তাদের সোনালী সময়ের মতো ক্ষিপ্র? এখনো সেই পুরনো জাদু দেখাতে পারেন? বয়সের কারণে সেটা যে সম্ভব না তা সবারই জানা। কিন্তু ম্যাচের ষোড়শ মিনিটে রোনালদিনহো যা দেখালেন, তাতে প্রথমে বিস্ময়ে চোখ কপালে উঠল সবার, হর্ষধ্বনি উঠল ঘোর কাটার পর।

খালিফা স্টেডিয়ামের গ্যালারি তখন তাকিয়ে আছে রোনালদিনহোর দিকে। পায়ে বল নিয়ে একবার গোলবার আরেকবার বলের দিকে তাকাচ্ছেন রোনালদিনহো। শিশুসুলভ মুখে লেগে আছে সেই মিষ্টি হাসি। তার সামনে রিয়াল মাদ্রিদের মানবদেয়াল। গোলপোস্ট আগলে দাঁড়িয়ে আছেন রিয়ালের হয়ে ৬ বার লিগজয়ী ও লা লিগায় ৭০৯ মিনিট গোল হজম না করার রেকর্ড গড়া ৬৬ বছর বয়সী ফ্রান্সিসকো বোয়োরের। চারদিকে একটাই কথা, খেলা ছাড়ার এত বছর পর রোনালদিনহো কি পারবেন তার ডান পায়ের ম্যাজিক দেখাতে?

অবশেষে এলো মহেন্দ্রক্ষণ।  ঠিক সোনালী সময়ের মতোই মানবদেয়ালের ওপর দিয়ে ডান পায়ের বাঁকানো শট নিলেন জাদুকর। বামপাশে দাঁড়ানো বুড়ো ফ্রান্সিসকো বোয়োরের আসলে কিছুই করার ছিল না। স্কোরলাইন হয়ে গেল ২-০। ম্যাচের ফলাফল কিংবা অন্যদের পারফর্মেন্স ছাপিয়ে শুরু হলো রোনালদিনহোর বন্দনা। শৈশবের দারিদ্র্য, তারপর বর্ণাঢ্য ক্যারিয়ার, অবসরের পর বেহিসেবি জীবন, জেল খাটাসহ ঘটনাবহুল জীবন রোনালদিনহোর। কিন্তু এত কিছুর মাঝেও তিনি ডান পায়ের জাদুটা ভুলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত