শিক্ষার্থীদের সঙ্গে বিরোধে বরিশালে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের বাকবিতণ্ডার জেরে রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করেন বাস শ্রমিকরা। শনিবার (৩০ নভেম্বর) প্রায় আধাঘণ্টা ধরে চলা এ অবরোধের কারণে বাস চলাচল বন্ধ থাকে। পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, রূপাতলী থেকে এমকে পরিবহনের একটি বাসে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী উঠার সময় ভাড়া নিয়ে বাসের সুপারভাইজার ও হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। শিক্ষার্থীরা বিষয়টি সহপাঠীদের জানালে কিছু শিক্ষার্থী কাঁঠালতলা এলাকায় গিয়ে বাসের হেলপার হৃদয়কে নামিয়ে আটক করেন।

এ ঘটনার জেরে বাস শ্রমিকরা রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সড়কের ওপর বাস রেখে বেলা সোয়া ৩টার দিকে অবরোধ কর্মসূচি পালন করেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিকদের আলোচনায় বিষয়টির সমাধান হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জানান, ‘একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। সমঝোতার মাধ্যমে তা দ্রুত সমাধান হয়েছে।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সমস্যা হয়েছিল, তবে তা মিটমাট হওয়ায় এখন সড়কের পরিস্থিতি স্বাভাবিক।’