রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধের ঘটনায় স্বামীর পর মারা গেলেন স্ত্রী রুমা আক্তার (৩২)। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত শুক্রবার মধ্যরাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি।
গতকাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান বলেন, রুমার শ্বাসনালিও পুড়ে গিয়েছিল।
গত রবিবার ভোরে মিরপুর-১১ নম্বর রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন রুমা ও তার স্বামী রঙমিস্ত্রি আবদুল খলিল (৪০), ছেলে হাফেজ আবদুল্লাহ (১৩) ছাড়াও আরও চারজন।
গাজীপুরে গ্যাসের চুলার আগুনে বাবুর্চিসহ দগ্ধ ৩ : গাজীপুর মহানগরীর বোর্ড বাজার তৃপ্তি হোটেলে গত শুক্রবার গ্যাসের চুলা বিস্ফোরণে বাবুর্চিসহ তিনজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত বাবুর্চি আলম আহমেদকে (২৩) একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, হোটেলের দ্বিতীয় তলায় রান্নাঘরে গ্যাসের চুলা লিক হয়ে চুলার চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাবুর্চি আলম আহমেদ, সহকারী বাবুর্চি মাহিদুল ও এ নারী আহত হন।