আওয়ামী লীগ থেকে মনোনীত সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে স্বামী বদরুল আনাম সৌদকে নিয়ে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাদের আটকে দেওয়া হয়। একপর্যায়ে তাদের থাইল্যান্ডে যেতে না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। সুবর্ণা মুস্তাফা ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসন-৪ এর সংসদ সদস্য ছিলেন।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইএ-৩৮৮) সুবর্ণা মুস্তাফা ও তার স্বামীর ব্যাংকক যাওয়ার কথা। স্বামী সৌদকে নিয়ে তিনি বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেন। এক পর্যায়ে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আপত্তি জানানো হলে তার বিষয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে কোনো তথ্য নেই বলে জানা যায়। পরে বেলা পৌনে ১২টার দিকে তাদের দুজনকে থাইল্যান্ড যেতে না দিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।