‘অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটছে। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছে। কমিশন ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সিগন্যাল দিলেই প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।’ গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে এক অনুষ্ঠানে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন। বাউফল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
খালিদ হোসেন বলেন, এ নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এবং ক্ষমতা ধরে রাখার দায়িত্বও নেয়নি। নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবে। নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করবে।
ধর্ম উপদেষ্টা বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে। তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না। যারা রাষ্ট্রের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার, সুতরাং এ সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। জনগণের মুখের ভাষা এ সরকার বোঝে এবং বুঝতে চেষ্টা করবে।
হজের খরচ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলেছেন ভারত, পাকিস্তান, নেপাল বা অন্য রাষ্ট্রে হজের খরচ কম।