শেষ হলো দেশে ডেঙ্গুতে এ বছরের সর্বোচ্চ মৃত্যুর মাস নভেম্বর। গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিনজন মারা গেছে। এ নিয়ে গত নভেম্বরে মারা গেল ১৭৩ জন। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু। দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ জন মারা যায় গত অক্টোবরে ও তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে সেপ্টেম্বরে ৮৭ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে অরও ৬৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে নভেম্বরে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৫২ জনে। এটা এ বছরের সর্বোচ্চ দ্বিতীয় রোগীর সংখ্যা। এখন পর্যন্ত সর্বোচ্চ রোগী পাওয়া গেছে গত অক্টোবরে ৩০ হাজার ৮৭৯ জন।
গতকাল শনিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে তিনজন মারা গেছে, তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি ছিল। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী এবং তাদের বয়স ৬১-৭৫ বছরের মধ্যে।
নতুন রোগীদের মধ্যে ৪৩৫ জন পুরুষ ও ২৪০ জন নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ১৫৭ জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে। এরপর ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৫ জন ভর্তি হয়েছে।