বকেয়া বেতনের দাবিতে পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের সড়ক অবরোধ

পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে কর্মবিরতি পালন করেছে বাগেরহাট পৌরসভার দেড় শতাধিক পরিচ্ছন্নতাকর্মী। এ সময় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে ঢুকতে পারেনি। যার কারণে পৌরসভার নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

রবিবার (১ ডিসেম্বর) সকালে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা জড়ো হয়ে রাস্তার দুপাশে বাঁশ দিয়ে আটকে দিয়ে বিক্ষোভ শুরু করে। আজ দুপুরের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছে। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত তারা কাজে না ফেরারও হুমকি দিয়েছে। পৌর কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছে।

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ গত পাঁচ মাস ধরে আমাদের বেতন বন্ধ। আমরা বেতন না পেয়েও পরিচ্ছন্নতাকর্মীরা পৌরসভার কাজ করে যাচ্ছি। আমরা সামান্য বেতন পাই অথচ সময় মতো আমরা তা পাচ্ছি না। আজ না কাল দেবে বলে আমাদের ঘুরানো হচ্ছে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি আর না। আমরা রাস্তায় নেমেছি। আমাদের বেতন আজকের মধ্যে দেয়া না হলে সব ধরনের কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। 

বাগেরহাট পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার সমাদ্দার এই প্রতিবেদককে বলেন, বাগেরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। পৌরসভার প্রশাসক সম্প্রতি পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য যাচাই বাছাই করে ২২৭ জনকে বেতন পরিশোধ করতে সম্মত হয়েছেন। কিন্তু পৌরসভায় সম্প্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা যোগদান করে তিনি নতুন করে পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য আবার যাচাই বাছাই করবে বলছেন। এই নিয়ে জটিলতা শুরু হয়েছে। আমরা তাদের এই কর্মসূচির সাথে একমত পোষণ করে অফিসে না ঢুকে বাইরে অবস্থান করছি।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ডা. মো. ফকরুল হাসানের কাছে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বকেয়ার বিষয়ে জানতে চাইলে মোবাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।