লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। এ সময় দুই শিক্ষার্থীসহ ৬ জন আহত হন। রবিবার (১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা ।
নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে আসছিলেন। আলমগীরসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশা যোগে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থল পৌঁছালে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী হাসান আহমেদ ও তার বোন, অটোরিকশাচালক ফেরদৌস আলম, এক নারী ও এক শিশু আহত হয়।
সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা একে আজাদ জানান, সদর হাসপাতালে নিয়ে আসার আগে আলমগীর হোসেন মারা যান। এ ছাড়া আহতদের মধ্যে দুজনের অবস্থায় আশঙ্কাজনক। এর মধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অটোরিকশা চালকসহ অন্যরা সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে রামগতির চর আলেকজান্ডার থেকে আলমগীর হোসেনসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় চেপে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আলমগীর হোসেন। অন্যদিকে হাসান আহমেদ ও তার বোন কলেজের উদ্দেশ্যেই রওনা হয়ে এই দুর্ঘটনার শিকার হন। পরে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই ময়নাতদন্ত ছাড়াই নিহত আলমগীর হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।