এক্সপ্রেসওয়েতে তরুণী হত্যায় প্রেমিককে সন্দেহ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে গুলিতে তরুণী শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তার (২২) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শনিবার রাত ১২টার দিকে নিহতের মা জরিনা খাতুন এ মামলা করেন। মামলার বিবরণীতে হত্যাকান্ডে সন্দেহের তালিকায় নিহতের প্রেমিকের নাম উল্লেখ করা হয়েছে। শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার সকালে শ্রীনগর উপজেলার দোগাছি গ্রামের এক্সপ্রেসওয়ে থেকে গুলিবিদ্ধ ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শাহিদা ময়মনসিংহের কোতোয়ালি থানার বেগুনবাড়ি গ্রামের প্রয়াত আবদুল মোতালেবের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ওয়ারী এলাকায় থাকতেন।

পুলিশ সূত্র জানায়, নিহত তরুণীর শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। প্রেমিকের দিকে সন্দেহের তীর ছুড়ছে নিহতের পরিবার। রাজধানীর ওয়ারীতে বসবাস করা ওই প্রেমিকের নাম তৌহিদ শেখ তন্ময় (২৮)।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ‘অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। তবে এজাহারে তৌহিদ নামে যুবকের সঙ্গে তরুণীর প্রেম ও দ্বন্দ্বের কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে তরুণী খুনের সঙ্গে প্রেমিককে সন্দেহ করার কথাও উল্লেখ রয়েছে। পুলিশ সন্দেহভাজন ওই প্রেমিককে খুঁজছে।’