রূপগঞ্জে সাংবাদিকের  বাড়িতে গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ নামে এক সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় ওই সাংবাদিকের বাড়িতে এ গুলির ঘটনা ঘটে। জাহাঙ্গীর দৈনিক কালবেলার রূপগঞ্জ প্রতিনিধি।

তিনি জানান, ইয়াসিন মিয়া ওরফে ফেন্সি ইয়াসিন বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। মাসুদুর রহমান ওরফে কাইল্লা মাসুদ গ্রুপের হয়ে কাজ করছে ফেন্সি ইয়াসিন। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৬ নভেম্বর ফেন্সি ইয়াসিনের নেতৃত্বে তাকে মারধর করা হয়। এ ঘটনায় করা মামলা তুলে নিতে হত্যার হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। গতকাল হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে তারা। তবে মাসুদুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।