উইন্ডিজে ওয়ানডেতে ভালো করা সম্ভব : তামিম

তানজিদ হাসান তামিম বাংলাদেশের জার্সিতে ১৮ ওয়ানডে খেলেছেন। ফিফটি পেয়েছেন মাত্র ২টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে আছেন তামিম। উইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ সোমবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম।

তানজিদ তামিম বলেন, 'আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আরেকটু দায়িত্ববোধ বাড়াতে হবে। কারণ বেশিরভাগ ইনিংস আমি ভালো শুরু করেছি, ওখান থেকে ক্যারি করতে পারিনি। এখন থেকে আমার চেষ্টা থাকবে আমি যদি ইনিংসে ভালো শুরু করি, সেখান থেকে দায়িত্ববোধ নিয়ে কীভাবে ইনিংসটা বড় করবো।’

ওয়ানডেতে নিজেদের প্রত্যাশার কথা জানিয়ে তামিম বলেন, 'প্রত্যাশা তো সবসময় থাকে ভালো কিছু করার। আমি মনে করি যদি আমরা ভালো শুরু করতে পারি। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি একটা জয় দিয়ে শুরু করতে পারি তাহলে এই ফ্লোটা সিরিজ শেষে বুঝতে পারবো কোথায় যাচ্ছে।'

কন্ডিশন নিয়ে ভাবছেন না তানজিদ তামিম। 'যেহেতু ওখানে অনেকে টেস্ট খেলছে। তারা কন্ডিশন সম্পর্কে অনেক ভালো জানে। ওখানে আমাদের একটা অনুশীলন সেশন আছে, ওখানে গেলে বুঝতে পারবো কী রকম চ্যালেঞ্জ আসতে পারে। এসব চ্যালেঞ্জ আমাদের কীভাবে ফেস করতে হবে। এর আগেও ওখানে বিশ্বকাপ খেলেছি আমরা। ভালো করারই লক্ষ্য থাকবে। চেষ্টা করবো যেন শুরুটা ভালো করতে পারি।'