জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়কের পাশে ধানক্ষেত থেকে মাথা থেঁতলানো অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও গলা রশি জড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানগর ইউনিয়নের পশ্চিম নয়ানগর তেঁতুলতলা সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে সাদা রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট ছিল। তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নয়ানগর তেঁতুলতলায় হাত-পা বাঁধা, মাথা থেঁতলানো ও গলায় রশি জড়ানো অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করতে আলামত সংগ্রহ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সোহেল মাহমুদ বলেন, ‘নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। পরিচয় পাওয়ার পরে জানা যাবে তাকে কী উদ্দেশ্যে হত্যা করা হয়েছে।