বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, ‘থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা বিমানের কতটা আছে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু যদি দেখা যায়, তারা প্রত্যাশিত মানের সেবা দিতে ব্যর্থ তাহলে বিকল্প চিন্তা করতে হবে। সেবা দিয়েই টিকতে হবে। তার কারণ, বিমানের এতদিন যে সার্ভিস আমরা পেয়ে আসছি সেটা মনঃপূত না। একটি কমন অভিযোগ, আমি টিকিট পাই না কিন্তু বিমানে উঠে দেখি পুরো বিমান ফাঁকা। বিমান যেহেতু এখন আমার দায়িত্বে, সক্ষমতা বৃদ্ধির ব্যাপারে কী কী পদক্ষেপ নিতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করেছি। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের কাজেও দেখাতে হবে।’ গতকাল সোমবার স্থানীয় একটি হোটেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘তৃতীয় টার্মিনাল : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ বৈঠকের আয়োজন করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-এটিজেএফবি। প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সেক্রেটারি জেনারেল ও নভোএয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। সভাপতিত্ব করেন এটিজেএফবির সভাপতি তানজীম আনোয়ার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াসহ শাহজালাল বিমানবন্দরের অংশীজনরা অংশগ্রহণ করেন।