প্রশাসক নিয়োগ দিয়ে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং অ্যাজেন্সি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন করতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। এ সংক্রান্ত পৃথক রিট আবেদনের নিষ্পত্তি করে গতকাল সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এ নির্দেশ দেয়।
বাণিজ্য সচিবকে আদালতের এ নির্দেশনা চার সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে। আদালতে বায়রার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, রোকন উদ্দিন মাহমুদ ও রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।
গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের লক্ষে তফসিল ঘোষণা করা হয়। এ তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিটের প্রাথমিক শুনানি নিয়ে ৫ নভেম্বর বায়রার নির্বাচনী তফসিল স্থগিত করে আদেশ দেয় হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে ১১ নভেম্বর বায়রার নির্বাচনী কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। এর পাশাপাশি আপিল বিভাগ হাইকোর্টকে বায়রার নির্বাচন নিয়ে দেওয়া রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়।