জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে ম্যাচ পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। নাহিদ রানার ৬১ রানে ৫ উইকেট শিকারে মাত্র ১৪৬ রানে থেমে গেছে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস। দিনশেষে ৫ উইকেটে ১৯৩ রান তোলা বাংলাদেশের লিড হয়েছে ২১১ রানের। এসবকিছুর পেছনেই কৃতিত্ব নাহিদ রানার। ছোট্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়া এই পেসার জানালেন, তিনি তেমন কোনো চেষ্টাই করেননি।
নাহিদ এই টেস্টে নিয়মিতই ১৫০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছেন। গতি তার সহজাত। উচ্চতার কারণে বাড়তি বাউন্সও তিনি আদায় করতে পারেন। তবে পাঁচ উইকেটের জন্য বাড়তি কিছু করেননি বলেই জানালেন নাহিদ, ‘প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বেশি কিছু চেষ্টা করিনি। শুধু চেষ্টা করেছি, ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে লাইন টু লাইন বোলিং এবং পরিস্থিতি এবং ব্যাটসম্যান অনুযায়ী বোলিং করেছি।’
কিংস্টনের উইকেটে ব্যাটারদের বিপদে ফেলতে নিজের পরিকল্পনার বিষয়ে ২২ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেন, ‘এই উইকেটে বেশি কিছু চেষ্টা না করে শুধু লাইন টু লাইন বোলিং করে ব্যাটসম্যানকে জায়গা না দিয়ে রান ছাড়া বোলিং করলে ব্যাটসম্যানরা অনেক কিছু করার চেষ্টা করে। আমি মনে করি, বোলারদের অত কিছু চেষ্টা না করে লাইন টু লাইন বোলিং করাই ভালো।’
সিরিজের প্রথম টেস্ট বাজেভাবে হারের পর এবার জয়ের ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। নাহিদের বিশ্বাস, শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে তারা কঠিন পরীক্ষায় ফেলবেন, ‘অবশ্যই আমরা এখন একটা ভালো জায়গায় আছি। এখান থেকে আমরা যদি আড়াইশর ওপরে যেতে পারি। চতুর্থ দিনে ব্যাটিং করা কঠিন হবে। উইকেট একটু অন্যরকমের, অসম বাউন্স থাকবে, স্পিনে টার্ন থাকবে। কাজেই আমরা চতুর্থ দিনে ভালো কিছু একটা বের করব।’